tanaka
প্রচ্ছদজাতীয়জনতা ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন ৩ নতুন পরিচালক

জনতা ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন ৩ নতুন পরিচালক

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৩০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া তিন পরিচালক হলেন—সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খন্দকার মামুন এফসিএ এবং গ্রেড-১ পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আজিজুন নাহার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে তাদের নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত তিন পরিচালক যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তাদের যোগদানের তারিখ আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্যও জনতা ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. সফি উল্লাহ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনের অনুলিপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জনতা ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নতুন তিন পরিচালক দায়িত্ব নেওয়ায় জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে বিচার বিভাগ, হিসাব পেশা ও প্রশাসনের অভিজ্ঞতা যুক্ত হলো।