জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে তিনটি দাবি উত্থাপন করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলামের দাবি তিনটি হলো:
১. নিউইয়র্কে হামলার প্রতিবাদ: এনসিপি সদস্য সচিবসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলার সব দায়ীদের শনাক্ত ও গ্রেফতার করতে হবে। পাশাপাশি নিউইয়র্কের কনসাল জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
২. আওয়ামী লীগের নিয়োগকৃতদের অপসারণ: ফরেইন মিনিস্ট্রিতে ফ্যাসিবাদী কার্যক্রমে জড়িত আওয়ামী লীগ সমর্থকদের অপসারণ করতে হবে। এছাড়া উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত পাঁচজনের তালিকা প্রকাশ করতে হবে।
৩. জুলাই গণহত্যার বিচারের ত্বরান্বিতকরণ: গণহত্যার বিচারের প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত করতে হবে এবং আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দলগত দায় নিশ্চিত করতে হবে।
নিউইয়র্কে আখতার হোসেনসহ নেতাদের ওপর হামলা এবং আওয়ামী লীগের ভর্ৎসনার ঘটনা কেন্দ্র করে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। নাহিদ ইসলাম বলেন, “পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমরা বসব এবং জবাব চাইব—কেন বারবার এমন ঘটনা ঘটছে? কেন আমাদের বিদেশের অ্যাম্বাসিগুলো নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? এবং কেন ফ্যাসিস্ট কার্যক্রম বন্ধ করতে পারছে না?”
হামলার প্রতিবাদে বিকেল ৫টায় শাহবাগে এনসিপি ঢাকার মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি নেত্রী নাহিদা সারোয়ার নিভা, তাজনূভা জাবীন, সালেহ উদ্দিন সিফাত, আল আমিন, সাইফ মোস্তাফিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।



