পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে আসছে নতুন চমক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে অনীক দত্ত পরিচালিত আলোচিত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। এই ছবির মাধ্যমেই টালিউডে অভিষেক হচ্ছে বাংলাদেশের প্রতিভাবান অভিনেত্রী কাজী নওশাবার। ছবিতে তিনি অভিনয় করেছেন নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসা এক বাংলাদেশি তরুণীর চরিত্রে। তার বিপরীতে আছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি।
প্রথম টালিউড সিনেমার মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নওশাবা। যদিও প্রচারণায় সরাসরি অংশ নিতে পারছেন না, তবুও তার মন পড়ে আছে কলকাতাতেই। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন—
“আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। আমি সেখানে উপস্থিত না থাকলেও মনে হচ্ছে, কলকাতার অলিগলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।”
সাক্ষাৎকারে নওশাবাকে বাংলাদেশ, তার অভিনীত সিনেমা এবং দুর্গাপূজা প্রসঙ্গেও নানা প্রশ্ন করা হয়। এর আগে তিনি দুর্গাপূজা উপলক্ষে থিম্যাটিক ফটোশুট করেছেন। বাংলাদেশে দুর্গা সেজে প্রকাশ্যে ঘুরে বেড়ানো সম্ভব কি না—এমন প্রশ্নে নওশাবা বলেন—
“অবশ্যই সম্ভব। জুলাই আন্দোলনের পরপরই আমি দুর্গাকে নিয়ে একটি শুট করেছি। অনেক সময় কিছু বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখানো হয়। অথচ আমি বাউন্সার ছাড়াই দুর্গা সেজে শুট করেছি, আর বোরকা পরা মেয়েরাই এসে আমাকে জড়িয়ে ধরেছে। এটা খুবই স্বাভাবিক ঘটনা। আমরা এভাবেই থাকি।”
তিনি আরও স্মৃতিচারণ করে বলেন—
“ছোটবেলায় সর্দি-কাশি হলে তুলসী পাতা খেতাম। দাদুর বাড়িতে তুলসী গাছ ছিল। এখন দেখি এসব নিয়ে কত কথা হয়। পুরান ঢাকায় কিন্তু দুর্গাপূজা মানে ২৩ তারিখ থেকে সবকিছু বন্ধ হয়ে যাওয়া।”
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মুক্তি পাচ্ছে ছবিটি। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে এর টিজার ও ট্রেলার।



