মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (আইপিএসিসি)–এ অংশগ্রহণ শেষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা পারস্পরিক সহযোগিতা, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রতিযোগিতার পরিবর্তে অংশীদারিত্ব ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব এবং গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সফরকালে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাপ্রধান জেনারেল তান শ্রী দাতো শ্রী মুহাম্মদ হাফিজউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং যৌথ প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।



