নৈতিকতা ও দক্ষতায় সমৃদ্ধ প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। এ লক্ষ্য অর্জনে সরকার পাঠ্যক্রমে খেলাধুলা, আনন্দময় শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করছে বলে জানান তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার ‘লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি যৌথ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাদক সমস্যা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সময়ে মাদক একটি বড় চ্যালেঞ্জ। শুধু আইন প্রয়োগের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; বরং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নূর মো. কচি, স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ।



