গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের একটি এলাকা ধ্বংস করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি চেকপোস্টে বন্দুকধারীদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে সঙ্গে নিয়ে হেবরন সফরে গিয়ে এ হুমকি দেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ওই হামলায় আরও তিন সেনা আহত হন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ তথ্য প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল।
নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘প্রথমেই আমরা এই জায়গাটি ধ্বংস করার পদক্ষেপ নেব, একে পুরোপুরি বদলে দেব।’ তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি পদক্ষেপ নিতে যাচ্ছি, যা আগে কখনো নেওয়া হয়নি। শরণার্থী শিবিরগুলোতে আমরা যে সফল ও কঠোর অভিযান চালিয়েছি, সেই মডেল বাস্তবায়ন করব। এসব শিবির কার্যত সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি।’
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শরণার্থী শিবিরে সামরিক অভিযান চালিয়ে বাসিন্দাদের সরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে বলে দাবি করে আসছে ইসরায়েল।
হেবরনেও একই ধরনের অভিযান চালানোর পরিকল্পনার কথা জানিয়ে নেতানিয়াহু বলেন, ‘সন্ত্রাসীরা যে এলাকা থেকে বেরিয়ে এসেছে, ঠিক সেখানেই আমরা অভিযান চালাব। বাসিন্দাদের সরিয়ে দেওয়া হবে, বাড়ি বাড়ি তল্লাশি চালানো হবে, অস্ত্র সরিয়ে নেওয়া হবে এবং সন্ত্রাসী অবকাঠামো চিহ্নিত করে ধ্বংস করা হবে।’
পশ্চিম তীরের বিভিন্ন সড়কের পাশে অনুমতি ছাড়া নির্মিত বাড়িঘরও উচ্ছেদের কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার দাবি, এসব স্থাপনা ইসরায়েলি সেনাদের জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।
এদিকে, অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন নেতানিয়াহু। তার ভাষ্য অনুযায়ী, ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর এটিই হবে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযান।
নেতানিয়াহু বলেন, ‘এ অভিযান চালানোর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। কখন অভিযান চালানো হবে, তা আমরা নির্ধারণ করব। তবে অভিযানটি আসছে।’
ইসরায়েলে সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে পশ্চিম তীরের ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রশংসাও করেন নেতানিয়াহু। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ইসরায়েলের জনগণের জন্য একটি আদর্শ, ইসরায়েল রাষ্ট্রের জন্যও একটি আদর্শ।’
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল



