tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়দেশ কীভাবে চলবে সে সিদ্ধান্ত নিতেই গণভোট: আলী রীয়াজ

দেশ কীভাবে চলবে সে সিদ্ধান্ত নিতেই গণভোট: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতে দেশ কীভাবে পরিচালিত হবে—সে সিদ্ধান্ত গ্রহণের জন্যই এবারের গণভোট। এটি ১৯৮৫ সাল কিংবা তার আগের কোনো গণভোটের মতো নয়। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবগুলো দেশের জন্য কল্যাণকর বলেই এই গণভোটের আয়োজন করা হয়েছে।

গণভোটে জনগণকে উদ্বুদ্ধ করা এবং ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রাজশাহী বিভাগীয় প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া আরও বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি এস এম শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমানও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ১৬ জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রশাসনের কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, এই গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়; বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে—এসব মৌলিক সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই গ্রহণ করা প্রয়োজন। সে কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।