তৃতীয় দিনে আপিল শুনানিতে ৪১ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা ৭১টি আপিলের মধ্যে এই শুনানি সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, ৪১টি আপিল মঞ্জুর, ২৫টি নামঞ্জুর এবং একজন আবেদনকারী অনুপস্থিত ছিলেন। এছাড়া ৪টি আপিল এখনও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এর আগে শনিবার ও রবিবার মোট ১০৯ জন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়েছিল।
মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে ৬৪৫ জন আপিল করেছিলেন।



