tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিদেশে আবারও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ ইসলাম

দেশে আবারও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ ইসলাম

দেশে আবারও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে জুলাই সনদের বাস্তবায়ন, অপরাধীদের বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।

শনিবার (১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘সম্প্রীতির জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।

সম্প্রতি এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, দেশে আবারও ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে। বিরোধী মত দমনে সরকারের মধ্যে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তবে সেই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের বাস্তবায়ন, অপরাধীদের বিচার এবং সুশাসন নিশ্চিত করা। সরকার এসব বিষয়ে আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ থাকলে এনসিপি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানকে একটি অসাম্প্রদায়িক আন্দোলন হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই এ আন্দোলন সফল হয়েছে। তাই দল, মত ও ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, নির্যাতন ও সহিংসতার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের দাবিও জানান তিনি।

আলোচনা সভায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও আর্চবিশপ হাউসের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও বলেন, যে চেতনা ও লক্ষ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের বলেন, জুলাই আন্দোলনে বৌদ্ধ সম্প্রদায়ের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। কিন্তু এখনো দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধ সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের ওপর হামলার ঘটনা ঘটছে, যা গভীর উদ্বেগের বিষয়।

এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্ম, বর্ণ বা পরিচয় নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে।

বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর বলেন, এখনো কিছু মহল জুলাই গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। অথচ ভিন্ন ধর্মাবলম্বী শহীদদের আত্মত্যাগই প্রমাণ করে, এটি ছিল একটি সর্বজনীন ও অসাম্প্রদায়িক গণআন্দোলন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা ও ভূমি দখলের বহু ঘটনার বিচার এখনো হয়নি। নতুন বাংলাদেশের যে প্রত্যাশা ছিল, তা বাস্তবায়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।