দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি) সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশনা দেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর সদস্যদের সদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আনসার ও ভিডিপির দেশপ্রেম, পেশাদারিত্ব এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের নিরলস ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে জনগণের স্বার্থে সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, সরকার প্রধান বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আন্তরিকতা ও দক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
এ সময় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার ও ভিডিপির চলমান উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।



