দেশের সব নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা, দুধকুমার, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টে পানি সতর্কসীমার কাছাকাছি অবস্থান করছে।
সোমবার (২২ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত ‘এক নজরে মৌসুমি পানি সমতল ও বৃষ্টিপাত পরিস্থিতি’ বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৯টার তথ্য অনুসারে দুধকুমার নদীর পাটেশ্বরী (কুড়িগ্রাম) স্টেশন, তিস্তা নদীর ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (রংপুর) ও তারাপুর (গাইবান্ধা) স্টেশন, সুরমা নদীর সুনামগঞ্জ ও ছাতক (সুনামগঞ্জ) স্টেশন, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশন এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশনে পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উজানে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে, যেখানে ১৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনার দুর্গাপুরে, যার পরিমাণ ২৩৭ মিলিমিটার।



