দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন ডলার বা ৩৫ দশমিক ১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, একই দিন পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৮৪ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন ডলার। সে সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ৪৫৯ দশমিক ০১ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ হিসাব করা হয়। এতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ নির্ধারিত হয়।



