নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুক্রবার (২৯ আগস্ট) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “কমিশনের প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এর বিকল্প কোনো পথ নেই। জীবন চলে যেতে পারে, কিন্তু নির্বাচনে কোনো ধরনের ফাঁকিবাজি বা ধোঁকাবাজি করা যাবে না। কমিশন ও মাঠপর্যায়ের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।”
আনোয়ারুল ইসলাম আরও বলেন, নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক স্মৃতি বা ইনস্টিটিউশনাল মেমোরি দুর্বল হয়ে যাওয়ায় অনেক ক্ষেত্রেই কমিশন হোঁচট খাচ্ছে। তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান—গোপনীয়তা রক্ষা, দায়িত্বশীলতা ও সততার মাধ্যমে কমিশনের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, “ভালো নির্বাচন ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। এ নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু হবে প্রিজাইডিং অফিসাররা। তাদেরকে শক্তিশালী ও দক্ষ করে তুলতে পারলেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।”
প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সম্ভাব্য সব সমস্যার তালিকা প্রস্তুত করে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। “একজন প্রিজাইডিং অফিসার যদি সাহসী ও সৎভাবে দায়িত্ব পালন করেন, তাহলে একটি ভোটকেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব,” যোগ করেন তিনি।



