বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবকে ঘিরে চাপে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ ইস্যুতে ক্ষমা চাইলেও উয়েফাসহ কয়েকটি আঞ্চলিক ফুটবল সংস্থা তার নেতৃত্বের বিরোধিতা অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকোর ফুটবল ফেডারেশন।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ) নিজেদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের অবস্থান থেকে ভিন্ন মত প্রকাশ করেছে। এর আগে কনকাকাফ ইনফান্তিনোর নেতৃত্ব পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছিল।
এক বিবৃতিতে এফএমএফ বলেছে, “প্রতিষ্ঠানিক কাঠামোর বাইরে আহূত কোনো প্রক্রিয়াকে আমরা স্বীকৃতি দেব না। ২১১টি সদস্য সংস্থার স্বার্থে ফুটবলের উন্নয়ন অব্যাহত রাখার আহ্বানে আমরা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে একমত।”
অন্যদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফাকে পাঠানো এক চিঠিতে গত এক দশকে সংস্থাটির কর্মকাণ্ডের প্রশংসা করেছে। তাদের বক্তব্য, ভুলত্রুটি থাকলেও ইনফান্তিনোর নেতৃত্বেই ফিফার কার্যক্রম এগিয়ে নেওয়া উচিত।
তবে উয়েফা এখনো তাদের অবস্থান থেকে সরে আসেনি। পাশাপাশি এশিয়ার ফুটবল সংস্থাও উয়েফা ও কনকাকাফের উদ্বেগের প্রতি সমর্থন জানিয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে উয়েফা জানায়, তাদের ৫৫টি সদস্য সংস্থা ফিফার প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্তে এখনো অটল রয়েছে। একই সঙ্গে সংস্থাটি পুনর্ব্যক্ত করেছে যে, জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আস্থা নেই এবং এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
ফিফার কোনো টুর্নামেন্ট বর্জনের বিষয়ে উয়েফা শেষ পর্যন্ত অটল থাকে কি না, তার প্রথম পরীক্ষা হবে আগামী ৫ সেপ্টেম্বর। সেদিন পোল্যান্ডে শুরু হবে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ।
এদিকে আন্তর্জাতিক ফুটবলার সংগঠন ফিফপ্রো (FIFPRO) ইনফান্তিনোর প্রস্তাবকে সভাপতির ক্ষমতার ‘গুরুতর অপব্যবহার’ বলে আখ্যায়িত করেছে।



