প্রায় ছয় বছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য নতুন চলচ্চিত্র ‘ট্রাইব্যুনাল’–এ দেখা যাবে তাকে।
২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তানিয়া বৃষ্টির। তবে সিনেমায় প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তিনি ছোট পর্দায় নিয়মিত হন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘গোয়েন্দাগিরি’, যা মুক্তি পায় ২০১৯ সালে।
দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে ফেরার বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন, “নাটকের কাজ নিয়েই এতদিন ব্যস্ত ছিলাম, তাই সিনেমা নিয়ে ভাবার সুযোগ পাইনি। তবে ভালো গল্প ও চরিত্র পেলে যে ফিরব—এটা আগেও বলেছিলাম। অবশেষে ‘ট্রাইব্যুনাল’ সেই সুযোগ এনে দিয়েছে।”
‘ট্রাইব্যুনাল’ নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে। এটি মূলত একটি কোর্টরুম ড্রামা, পাশাপাশি ক্রাইম থ্রিলার ঘরানারও। সিনেমাটিতে ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের অন্তর্নিহিত রাজনীতি—সবকিছুকেই প্রশ্নের মুখে তুলে ধরা হয়েছে।
তানিয়া বৃষ্টির সঙ্গে ছবিটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, এবং মিলন ভট্টাচার্য প্রমুখ।



