দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে।
ক্লোজ হওয়া কর্মকর্তারা হলেন—সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে এসি মেহেদী হাসানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
ডিএমপির একটি সূত্র জানায়, কমিশনারের স্পষ্ট নির্দেশনা ছিল—যেকোনো থানা এলাকায় আওয়ামী লীগের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে। এ নির্দেশনা বাস্তবায়ন যাচাই করতে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিনে যান।
পরিদর্শনের সময় দেখা যায়, দায়িত্বে অবহেলা করে কর্মকর্তারা খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন। এ অবস্থায় অতিরিক্ত কমিশনার তাৎক্ষণিকভাবে তাদের ক্লোজের আদেশ দেন।
বিষয়টি নিয়ে ডিএমপির কোনো কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। এস এন নজরুল ইসলামকেও ফোন ও মেসেজে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ বলেন, “পুলিশ একটি ডিসিপ্লিন ফোর্স। যা হয়েছে তা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আর কথা না বলাই ভালো।”



