আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই নেতাকর্মীদের কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলের সিদ্ধান্তের বিরোধিতা করে কেউ বাধা সৃষ্টি করলে তাঁকে দল থেকে ছিটকে পড়তে হবে। আর দলের ভেতরে থেকে যারা মুনাফেকি করবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের ক্ষমা করবেন না।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি ফর্মুলা দেবেন, কীভাবে কাজ করতে হবে। প্রত্যেক ইউনিয়নের কার্যক্রমের প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। দল এমন প্রার্থী চায়, যিনি নির্বাচনে জয়ী হতে পারবেন।
তিনি বলেন, ‘আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো চড়া নেতা দিয়ে কী হবে বলেন? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসত, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তখন কিছুই যেত-আসত না।’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার মতো প্রার্থী মনোনয়ন দেওয়ার ওপর গুরুত্বারোপ করে মো. আসাদুজ্জামান বলেন, পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিলেই হবে না, তাঁকে নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ‘দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। কিন্তু আমি যদি দেখি, আপনি দলের সঙ্গে বেঈমানি করছেন, দলের ঊর্ধ্বে উঠে বিকল্প কিছু করছেন, তাহলে আপনাকে জবাবদিহির আওতায় আনার অধিকার আমার আছে।’
আইনমন্ত্রী বলেন, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। তাঁর দাবি, শৈলকুপায় বর্তমানে এসব কর্মকাণ্ড নেই।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



