tanaka
প্রচ্ছদজাতীয়কাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনা কাজে লাগানো এবং মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে এটিই এ অঞ্চলে তাঁর প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী, হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টে যাবেন। সেখানে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনা করার কথা রয়েছে তাঁর।

এরপর নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বন্দরের জেটি ও প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়গুলো সফরে বিশেষ গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন এলাকার অনেক মানুষ।

খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, প্রধানমন্ত্রীর সফরটি সরকারি। স্থানীয়ভাবে তাঁর কোনো কর্মসূচি না থাকলেও সফর ঘিরে প্রশাসন ও স্থানীয় নেতারা প্রস্তুতি নিচ্ছেন। এলাকার মানুষ প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী, ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। পরে সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। তবে দাকোপে তাঁর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

এদিকে, এই সফরের দুই সপ্তাহ পর আগামী ৫ নভেম্বর আবারও খুলনায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই দিন খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করবেন তিনি।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ, মোংলা বন্দরের বাণিজ্যিক সম্ভাবনা এবং শিল্পায়নের সুযোগ—দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ এই তিন ক্ষেত্রকে ঘিরে প্রধানমন্ত্রীর সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, এ অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে।