tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদজাতীয়তেলের কৃত্রিম সংকট দমনে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টার

তেলের কৃত্রিম সংকট দমনে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টার

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ বৃহস্পতিবার (২ এপ্রিল) এক দিনের ব্যস্ত সফরের পর ফরিদপুর ত্যাগ করেছেন। সফরের সময় তিনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, নতুন প্রকল্প উদ্বোধন এবং নানা কর্মসূচিতে অংশ নেন।

সকালে ঢাকার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে উপদেষ্টা ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদে একটি খাল পরিদর্শন করে কর্মসূচি শুরু করেন। পরে কুমার নদ সংলগ্ন খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন, যা স্থানীয় পানি নিষ্কাশন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “জ্বালানি তেলের সংকট বৈশ্বিক হলেও বাংলাদেশে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং এপ্রিল মাসেও তেলের দাম বাড়ানো হবে না।” তিনি আরও বলেন, “প্রতিটি পাম্পে স্থানীয় প্রশাসন নজরদারি রাখবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভর্তুকি দিচ্ছে।”

খাল খনন প্রকল্প নিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, “এ কর্মসূচির মাধ্যমে দেশে সবুজ বিপ্লব ঘটবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না, যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এরপর তিনি ফরিদপুর হেরিটেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন। বিকালে শিশু একাডেমি মিলনায়তনে ‘মৃত্যুঞ্জয়ী জসীম উদ্দীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। পরে জসীম কমপ্লেক্স, সুজন বাদিয়ার ঘাট ও মুসলিম মিশন এলাকা পরিদর্শন করেন।

সফরের শেষপর্যায় উপদেষ্টা সার্কিট হাউসে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তার সফর জেলা প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতার সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে ফরিদপুরের চলমান উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।