দীর্ঘ ১৩-১৪ বছরের সম্পর্কের পর ২০২৫ সালের জুনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ভারতীয় অভিনেত্রী হিনা খান ও ব্যবসায়ী, প্রযোজক এবং পরিচালক রকি জয়সওয়াল। তবে বিয়ের আগে তাদের সম্পর্ক পেরিয়েছে বেশ কিছু কঠিন সময়।
সম্প্রতি নিজের পডকাস্টে সেই সময়ের কথা বলতে গিয়ে হিনা খান জানান, অসুস্থতার কঠিন সময়ে তিনি রকিকে অন্য কাউকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন।
হিনা ও রকির পরিচয় হয় জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। দীর্ঘদিনের প্রেমের পর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।
বিয়ের পর তাদের নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে ‘পতি, পত্নী অউর পঙ্গা’ রিয়্যালিটি শোতে একসঙ্গে উপস্থিত হওয়ার পর অনেকে দাবি করেন, অনুষ্ঠানের প্রচারের জন্যই নাকি তাদের বিয়ের সিদ্ধান্ত।
তবে সেই দাবি উড়িয়ে দিয়েছেন হিনা। তাঁর ভাষ্য, বিয়ের পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল এবং বিয়ের তারিখও আগে থেকে নির্ধারিত ছিল। ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে তাদের বিয়ে হওয়ায় এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না বলেও জানান তিনি।
এরপর নিজের জীবনের কঠিন সময়ের কথা বলেন হিনা। স্তন ক্যানসারের চিকিৎসার মধ্য দিয়ে যাওয়ার সময় শুধু নিজের অসুস্থতা নয়, রকির মায়ের অসুস্থতাও তাদের জীবনে প্রভাব ফেলেছিল।
হিনা জানান, সেই সময় তিনি রকিকে বলেছিলেন—‘তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। সবকিছু আর আগের মতো থাকবে না।’
কেন এমন কথা বলেছিলেন—জানাতে গিয়ে হিনা বলেন, তিনি চেয়েছিলেন রকি যেন নিজের ভবিষ্যৎ ও সুখের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। তাঁর কাছে রকির সুখ নিজের সঙ্গে থাকার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল।
তবে হিনার সেই কঠিন সময়ে রকি তাঁর পাশ থেকে সরে যাননি। বরং চিকিৎসার পুরো সময়জুড়ে তাঁকে সহযোগিতা করেছেন।
হিনা বলেন, রকি ছাড়া তাঁর পক্ষে সেই কঠিন সময় পার করা অনেক বেশি কঠিন হতো। রকি প্রতিটি পরিস্থিতিকে তাঁর জন্য সহজ করে তুলেছিলেন বলেও জানান অভিনেত্রী।
জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এ অক্ষরা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান হিনা খান। পরে ‘বিগ বস ১১’-এ অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।
দীর্ঘ প্রেম, অসুস্থতার কঠিন সময় এবং শেষ পর্যন্ত বিয়ে—হিনা খান ও রকি জয়সওয়ালের সম্পর্কের গল্পে তাই রয়েছে আবেগ, ত্যাগ ও একে অপরের পাশে থাকার একাধিক অধ্যায়।



