তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার মধ্যে ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের ধোঁয়ায় বায়ু দূষিত হয়ে পড়ায় দেশটির বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বোর্নিও দ্বীপের পন্টিয়ানাক শহরের মেয়র জানিয়েছেন, আশপাশের দাবানলের ধোঁয়ায় পুরো শহর ঢেকে গেছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বাড়ি থেকে পড়াশোনা করার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে সকাল ও রাতে ধোঁয়ার ঘনত্ব বেড়ে যাওয়ায় মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে।
এদিকে জাভা দ্বীপের জনপ্রিয় ব্রোমো টেঙ্গার সেমেরু ন্যাশনাল পার্কেও ভয়াবহ আগুন জ্বলছে। গত নয় দিনে আগুনে পার্কটির প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় গত শনিবার থেকে পর্যটকদের জন্য পার্কটি বন্ধ রাখা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী, পুলিশ ও সেনাসদস্য কাজ করছেন। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ও ফায়ার ট্রাকও।
আবহাওয়াবিদরা বলছেন, এল নিনোর প্রভাবে এ বছর ইন্দোনেশিয়ায় তীব্র খরা ও দাবানলের ঝুঁকি বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে এক লাখ সাত হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৪৮ হাজার কর্মী নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি কৃত্রিম বৃষ্টির মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টাও চলছে।
সরকার জানিয়েছে, দাবানলের কারণে পরিস্থিতি কঠিন হলেও দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে।
সূত্র: ব্যাংকক পোস্ট।



