তীব্র দাবদাহের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দেশটির স্বাধীনতা দিবস উদযাপন ব্যাহত হচ্ছে। এমনকি রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এক বিবৃতিতে আয়োজকরা বলেন, আমাদের অতিথি, স্বেচ্ছাসেবক, শিল্পী, বিক্রেতা ও কর্মীদের নিরাপত্তা ও সুস্থতাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে কয়েক ঘণ্টা পর মেলাটি আবার চালু করা হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শুক্রবার দেশটির পূর্ব উপকূল ও মধ্য-পশ্চিমাঞ্চলে ১৬ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ রেকর্ড মাত্রার তাপমাত্রার মধ্যে দিন কাটিয়েছেন। এই তাপপ্রবাহের কারণে সাপ্তাহিক ছুটির নানা আয়োজন ব্যাহত হচ্ছে।
একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ উদযাপনের আয়োজন করছেন। বিভিন্ন মাঠে বিশ্বকাপ ফুটবলের একাধিক ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে।
৪ জুলাইয়ের ছুটি সাধারণত মানুষ বাড়ির আঙিনা বা ছাদে বারবিকিউ, স্থানীয় শোভাযাত্রা ও রাতে আতশবাজির মাধ্যমে উদযাপন করে থাকেন।
কিন্তু প্রচণ্ড গরমের কারণে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বহু অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড থেকে শুরু করে পশ্চিমের কলোরাডো পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার বাতিল হওয়া বড় আয়োজনগুলোর মধ্যে ছিল ফিলাডেলফিয়ার ‘স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড’, যা দেশজুড়ে সবচেয়ে বড় অনুষ্ঠানের একটি হওয়ার কথা ছিল।
প্যারেডের আয়োজক সংস্থা ওয়াওয়া ওয়েলকাম আমেরিকা– এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ডেলবেনে বিবিসিকে বলেছেন, এই সিদ্ধান্ত আমাদের সংস্থার সবার জন্যই অত্যন্ত কষ্টের। কিন্তু এমন বিপজ্জনক গরমের মধ্যে এত বড় আকারের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়।
ওয়াশিংটনে ফ্রিডম ২৫০–এর আয়োজকরা জানান, আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার পর স্থানীয় সময় বিকেল ৫টায় স্টেট ফেয়ারটি আবার খুলে দেওয়া হয়।
ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানিয়েছে, শুক্রবার মেলায় বেশ কয়েকজনকে তাপজনিত অসুস্থতার কারণে চিকিৎসা দিতে হয়েছে।
বিভাগটির এক মুখপাত্র বিবিসি নিউজকে বলেন, রেকর্ডভাঙা তাপমাত্রার কারণেই এসব অসুস্থতার ঘটনা ঘটেছে।



