tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনতিন দিনেই ৫৫ কোটির ঘরে ‘থাম্মা’

তিন দিনেই ৫৫ কোটির ঘরে ‘থাম্মা’

দীপাবলির উৎসব মানেই প্রেক্ষাগৃহে তারকাখচিত সিনেমার উৎসব। গত সপ্তাহেও সেই ধারা বজায় ছিল। ২১ অক্টোবর একই দিনে মুক্তি পেয়েছে বলিউডের দুটি বড় ছবি—আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দনা অভিনীত ‘থাম্মা’, আর হর্ষবর্ধন রানে ও সোনম বাজওয়া জুটির রোমান্টিক ড্রামা ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’। মুক্তির মাত্র তিন দিন পরেই পরিষ্কার হয়ে গেছে—বক্স অফিসের দৌড়ে এগিয়ে আছে ‘থাম্মা’।

‘থাম্মা’ মূলত একটি হরর–কমেডি, যা জনপ্রিয় হরর ইউনিভার্সের পঞ্চম সংযোজন। এর আগে ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’, ‘মুঞ্জিয়া’ ও ‘স্ত্রী ২’—এই চারটি ছবিই দারুণ সফল হয়েছিল। তাই শুরু থেকেই দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ২৪ কোটি রুপি, দ্বিতীয় দিনে ১৮.৬ কোটি, আর তৃতীয় দিনে প্রায় ১২.৫ কোটি রুপি। ফলে মাত্র তিন দিনেই ‘থাম্মা’-র মোট আয় দাঁড়িয়েছে ৫৫.১০ কোটি রুপি।

এই সাফল্যের সুবাদে ‘থাম্মা’ ইতোমধ্যে কাজল অভিনীত ভৌতিক ছবি ‘মা’-এর মোট আয় (৩৬.০৮ কোটি রুপি) ছাড়িয়ে গেছে। এখন ছবিটি বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’-র রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহের মধ্যেই ‘থাম্মা’ সেই রেকর্ডও ভাঙতে পারে।

অন্যদিকে হর্ষবর্ধন রানে ও সোনম বাজওয়া অভিনীত রোমান্টিক থ্রিলার ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ নিয়েও অনুরাগীদের আগ্রহ ছিল যথেষ্ট। মুক্তির আগেই ছবিটির গান ও ট্রেলার আলোচনার ঝড় তোলে, কেউ কেউ ছবিটিকে ‘সাইয়ারা’র সঙ্গে তুলনাও করেন।

তবে মুক্তির পর আয় কিছুটা ধীরগতিতে এগোচ্ছে—প্রথম দিনে আয় ছিল প্রায় ৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৭.৭৫ কোটি, আর তৃতীয় দিনে নেমে আসে ৬ কোটি রুপিতে। তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়ায় ২২ কোটির বেশি।

যদিও তুলনামূলকভাবে আয়ুষ্মান–রাশমিকার ‘থাম্মা’ অনেক এগিয়ে, তবুও ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’-এর নির্মাতারা আশাবাদী—দর্শকদের মুখে মুখে প্রশংসা ছড়ালে দ্বিতীয় সপ্তাহে ছবিটি আরও ভালো ব্যবসা করতে পারে।