ক্রিকেটের পর এবার কি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি? রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) প্রধান ও কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে শামি বা আরএলডির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নজরকাড়া পারফরম্যান্সের পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন শামি। বর্তমানে তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশ নিচ্ছেন। এর মধ্যেই জয়ন্ত চৌধুরীর সঙ্গে তার বৈঠকের খবর প্রকাশ্যে আসায় রাজনীতিতে তার সম্ভাব্য অভিষেক নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আমরোহা সদর আসন থেকে শামিকে প্রার্থী করার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আমরোহার সঙ্গে শামির পারিবারিক ও স্থানীয় যোগাযোগ দীর্ঘদিনের। আমরোহা সদর তহসিলের সাহসপুর আলিনগরে তার বাড়ি। এ কারণে স্থানীয়ভাবে ‘ভূমিপুত্র’ পরিচয়কে সামনে রেখে তাকে নির্বাচনে প্রার্থী করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
তবে আলোচনায় শুধু মোহাম্মদ শামির নামই নেই। তার ভাই হাসিবকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে খবর রয়েছে। শামি নিজে নির্বাচনে না দাঁড়িয়ে ভাইকে আমরোহা সদর থেকে প্রার্থী করার বিষয়ে ভাবছেন—এমন কথাও রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে। এ নিয়ে জয়ন্ত চৌধুরীর সঙ্গে শামির আলোচনা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। এর আগে জেলা পঞ্চায়েত সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হাসিব।
আমরোহা সদর আসনের রাজনৈতিক গুরুত্বও রয়েছে। সমাজবাদী পার্টির মাহবুব আলি এ আসন থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এমন পরিস্থিতিতে জনপ্রিয় ক্রিকেটার শামি কিংবা তার পরিবারের কাউকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
এদিকে ক্রিকেটেও সম্প্রতি শামির পারফরম্যান্স নিয়ে আলোচনা রয়েছে। প্রায় দেড় দশক পর ইস্ট জোনের দিলীপ ট্রফি জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় দলে তাকে না রাখায় সাবেক কয়েকজন ক্রিকেটারও প্রকাশ্যে সমালোচনা করেছেন। সর্বশেষ এ নিয়ে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার।
তবে এখন ক্রিকেটীয় পারফরম্যান্সের বাইরেও শামিকে ঘিরে নতুন প্রশ্ন সামনে এসেছে—জাতীয় দলের জার্সির পরিবর্তে কি এবার রাজনৈতিক পরিচয়ে দেখা যাবে তাকে? জয়ন্ত চৌধুরীর সঙ্গে তার সাক্ষাৎ সেই জল্পনাকেই আরও উসকে দিয়েছে।



