tanaka
প্রচ্ছদজাতীয়জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনদুর্ভোগের আশঙ্কা, সিদ্ধান্ত বাতিল চায় জামায়াত

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনদুর্ভোগের আশঙ্কা, সিদ্ধান্ত বাতিল চায় জামায়াত

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এভাবে জ্বালানির মূল্য বাড়ানো হলে দ্রব্যমূল্যের চাপের মধ্যে থাকা সাধারণ মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক বোঝা তৈরি হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই সাধারণ মানুষ চাপে রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সংসারের প্রয়োজনীয় ব্যয় মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে একবারে লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব কেবল যানবাহন ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলেও উল্লেখ করেন জামায়াতের এই নেতা। তার ভাষ্য, কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, শিল্পকারখানা এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জ্বালানি সরাসরি যুক্ত। ফলে তেলের দাম বাড়লে এসব খাতে ব্যয় বাড়বে এবং এর প্রভাব পড়বে বাজারে। শেষ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের বাড়তি দামের চাপ সাধারণ ভোক্তাকেই বহন করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানির দাম নির্ধারণের ক্ষেত্রে সরকারের উচিত ছিল জনগণের ক্রয়ক্ষমতা, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয় এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব সরাসরি জনগণের ওপর চাপিয়ে দেওয়া জনকল্যাণমূলক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জ্বালানির দাম বাড়ানোর আগে সরকারের উচিত বিকল্প উপায় খোঁজা। সরকারি ব্যয় কমানো, অপচয় ও অনিয়ম বন্ধ করা, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর মতো পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

একই সঙ্গে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তার দাবি, শুধু জ্বালানির মূল্য বাড়িয়ে সরকারি সংস্থাগুলোর আর্থিক চাপ মোকাবিলা করা হলে এর দীর্ঘমেয়াদি প্রভাব মানুষের জীবনযাত্রায় পড়বে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের দুর্ভোগ কমানো সরকারের দায়িত্ব। কিন্তু বারবার মূল্যবৃদ্ধির মাধ্যমে মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ তৈরি করা গ্রহণযোগ্য নয়। এ কারণে তিনি সরকারকে লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।