বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দুই-এক দিনের মধ্যেই দলের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রচার কার্যক্রম সিলেট থেকেই শুরু করবে বিএনপি। তিনি উল্লেখ করেন, এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া সম্মানজনকভাবে রাজনীতি থেকে প্রস্থান করেছেন। খালেদা জিয়ার স্বপ্নের একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা সবাইকে কাজে লাগাতে হবে। গণতন্ত্র ও গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। তিনি একটি কার্যকর ও গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন।
ব্যক্তিগত সফরে রোববার সিলেট সফর করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।



