তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সব রাজনৈতিক দল আপিল বিভাগে আবেদন জানিয়েছে। এ বিষয়ে শুনানির তারিখ আগামী ২৬ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে শুনানি দ্রুত শেষ করার আবেদন জানান আইনজীবী শিশির মনির। আদালত শুনানির জন্য ২৬ আগস্ট দিন ধার্য করেন।
শুনানিকালে শিশির মনির আদালতকে বলেন, সামনে বড় ছুটি শুরু হবে। অথচ একটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো নিষ্পত্তি হয়নি—তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ আবেদন তালিকাভুক্ত হলেও শুনানি হয়নি।
জবাবে প্রধান বিচারপতি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করব, তবে শুনানি শেষ করতে পারব কিনা, তা নিশ্চিত নয়।” উত্তরে শিশির মনির বলেন, “মাই লর্ড, অন্তত তারিখ নির্ধারণ হলেই কিছুটা অগ্রগতি হবে।” পরে আদালত ২৬ আগস্ট শুনানির দিন ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তবে ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে, যা প্রত্যেকটিই ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এসব নির্বাচন ‘রাতের ভোট’ ও ‘একতরফা’ বলে আখ্যায়িত হয়।
এর আগে, ৩ জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, দেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। তিনি বলেন, এ বিষয়ে কাঠামো, গঠন ও এখতিয়ার নিয়েও আলোচনা হয়েছে।



