বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে। এর গঠন নিয়ে আলোচনা হবে। ইতিহাসে গ্রহণযোগ্য অনেক নির্বাচন এই ব্যবস্থায় হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “আগামী নির্বাচনের আগে দলগুলো জনগণের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে চেষ্টা করছে। বিগত দিনের অপসংস্কৃতি থেকে বের হয়ে রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি চালুর পক্ষে বিএনপি। অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পেছাতে পারে, তা জনগণ দেখেছে। জনগণের রায় অনুযায়ী কাজ করতে সহজ হয়।”
এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দেন।
সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য ছয় বিচারপতি ছিলেন মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।
আপিল বিভাগ জানিয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং চতুর্দশ সংসদ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে।



