tanaka
প্রচ্ছদসারাদেশঢাবি শিক্ষকের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য চালু হলো বিজনেস সিমুলেশন প্ল্যাটফর্ম

ঢাবি শিক্ষকের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য চালু হলো বিজনেস সিমুলেশন প্ল্যাটফর্ম

বাস্তব ব্যবসায়িক পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘সিমল্যাব’ (SimLab) নামে একটি ডিজিটাল বিজনেস সিমুলেশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা এ উদ্যোগ নিয়েছেন।

উদ্যোক্তা মো. মাসুদ রানা বলেন, ব্যবস্থাপনা শিক্ষাকে শুধু পাঠ্যবই, শ্রেণিকক্ষের লেকচার ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের বাস্তবধর্মী সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করাই সিমল্যাবের মূল লক্ষ্য।

তিনি বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন বিজনেস স্কুলে ব্যবহৃত ব্যবসায়িক পরিস্থিতি অনুকরণের ধারণাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য উপযোগী করে সিমল্যাব তৈরি করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে শেখা তত্ত্ব বাস্তব পরিস্থিতিতে প্রয়োগের সুযোগ পাবে এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দক্ষ ব্যবস্থাপক হিসেবে গড়ে উঠতে পারবে।

যেভাবে কাজ করবে ‘সিমল্যাব’

সিমল্যাবে শিক্ষার্থীদের শুধু কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না; বরং একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হবে।

কোন পণ্যের দাম কত হবে, কত পরিমাণ পণ্য উৎপাদন করা হবে, কোথায় বিনিয়োগ করা হবে, বাজারে কীভাবে প্রতিযোগিতা করতে হবে, কর্মী ও সম্পদ কীভাবে পরিচালনা করা হবে কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেওয়া হবে—এসব বিষয়ে শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে হবে।

এরপর তাদের নেওয়া সিদ্ধান্তের ফলাফলও দেখতে হবে। কোনো সিদ্ধান্ত ব্যবসায়ের আয় বাড়াতে পারে, আবার একই সিদ্ধান্ত ব্যয় বা ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ফলে বাস্তব ব্যবসায়ের মতোই শিক্ষার্থীদের সামনে বিভিন্ন সুযোগ, সমস্যা ও সিদ্ধান্ত গ্রহণের পরিস্থিতি তৈরি হবে।

শুধু একটি সিমুলেশন নয়

সিমল্যাবকে একটি নির্দিষ্ট সিমুলেশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ব্যবস্থাপনা বিষয়ের জন্য সমন্বিত একটি প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে।

প্রাথমিকভাবে এতে ব্যবস্থাপনা, বিপণন, অর্থায়ন, মানবসম্পদ, পরিচালন ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা ও কৌশলগত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ভিত্তিক সিমুলেশন যুক্ত করা হয়েছে।

এর মাধ্যমে তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

একক ও দলগতভাবে অংশ নেওয়ার সুযোগ

সিমল্যাবে শিক্ষার্থীরা এককভাবে কিংবা দলগতভাবে অংশ নিতে পারবে। কয়েকজন শিক্ষার্থী মিলে একটি কোম্পানি বা টিম পরিচালনা করে বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবে।

এতে শ্রেণিকক্ষের আলোচনার পাশাপাশি দলগত সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।

শেখার সঙ্গে যুক্ত হবে বাস্তব সিদ্ধান্ত গ্রহণ

সিমল্যাবের অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ার সঙ্গে বাস্তব সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা যুক্ত করা। এখানে সব পরিস্থিতির জন্য নির্দিষ্ট কোনো ‘সঠিক উত্তর’ থাকবে না। বরং পরিস্থিতি বিশ্লেষণ করে শিক্ষার্থীদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে এবং পরে সেই সিদ্ধান্তের ফলাফল থেকে শিক্ষা নিতে হবে।

বাংলাদেশের ব্যবসায়িক বাস্তবতায় আরও সিমুলেশন

সিমল্যাবের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে বাংলাদেশের ব্যবসায়িক বাস্তবতাকে আরও বেশি যুক্ত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। স্থানীয় বাজার, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, সরবরাহব্যবস্থা, অর্থনৈতিক পরিস্থিতি, ঝুঁকি এবং দেশের বিভিন্ন ব্যবসায়িক বাস্তবতার আলোকে ভবিষ্যতে আরও সিমুলেশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এর ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ব্যবসায়িক ধারণার পাশাপাশি বাংলাদেশের নিজস্ব ব্যবসায়িক পরিবেশেও সিদ্ধান্ত নেওয়ার অনুশীলন করতে পারবে।

উদ্যোক্তা জানান, প্ল্যাটফর্মটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে। ভবিষ্যতে সিমুলেশনের সংখ্যা, বিষয়বস্তু এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সিমল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ‘ব্যবস্থাপনা কী’—তা শেখার পাশাপাশি ‘একজন ব্যবস্থাপক হলে কী সিদ্ধান্ত নিতাম’—সেটিও বাস্তবধর্মীভাবে অনুশীলনের সুযোগ পাবে।