ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ ঘণ্টা ধরে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট রয়েছে। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজটে আটকে আছে শত শত যানবাহন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলা এ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। সংস্কারকাজ চলায় মহাসড়কের ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রয়েছে। ফলে যানবাহনের চাপ বেড়ে গিয়ে একপর্যায়ে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
সড়ক বিভাগ জানায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দিন দিন গর্তটি বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার সকাল ৮টার দিকে সেখানে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। সংস্কারকাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি লেন বন্ধ রেখে অন্য এক লেন দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হয়। ফলে ধীরে ধীরে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটে রূপ নেয়।
শনিবার অতিরিক্ত যানবাহন এক লেন দিয়ে পার হতে গিয়ে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এতে মহাসড়কের কুমিল্লার চান্দিনা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। এদিকে দীর্ঘ যানজটে বিদেশগামী যাত্রীরা চরম বিপাকে পড়েন।
দীর্ঘ যানজটে আটকে থাকা স্টার লাইন বাসের চালক ইয়াহিয়া জানান, শুক্রবার মধ্যরাত থেকে যানজটে আটকে আছি। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। প্রায় আট ঘণ্টা যাবৎ যানজটে আটকে আছি।