বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট এবং নিয়মিত শিপিং সেবা পুনরায় চালুর প্রস্তাব দেওয়া হয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা সৃষ্টি করেছে। সম্প্রতি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিনের মধ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
চট্টগ্রাম সফরের সময় বাণিজ্য প্রতিনিধিদল চট্টগ্রাম চেম্বার, শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি এবং বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে সরাসরি যোগাযোগ ব্যবস্থা, তৈরি পোশাক ও কৃষিখাতে সহযোগিতা এবং বাণিজ্যের ডিজিটালাইজেশন সংক্রান্ত নানা প্রস্তাব তুলে ধরেন।
দুই পক্ষ একটি যৌথ বাণিজ্য ওয়ার্কিং গ্রুপ গঠনের ঘোষণা দিয়েছেন, যা ভবিষ্যতে নিয়মিত বাণিজ্য আলোচনা ও সহযোগিতা কাঠামো গড়ে তুলবে।
এছাড়া করাচিতে ২৫-২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় আন্তর্জাতিক খাদ্য ও কৃষি মেলায় বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য, চামড়া, অপরিহার্য পণ্যসহ আফ্রিকা ও মধ্য এশিয়ায় ত্রিপক্ষীয় রপ্তানি সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
চট্টগ্রামের কবির শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটিতে উভয় দেশের প্রতিনিধিরা জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে বলে দুই দেশের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন।



