নিরাপত্তা শঙ্কার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে আবারও নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ভিসা আবেদন গ্রহণসহ সংশ্লিষ্ট সব আনুষঙ্গিক সেবা চালু করা হয়।
এর আগে বুধবার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। ভিসা সেন্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর ২টা পর্যন্ত ঢাকার আইভিএসি–জেএফি বন্ধ থাকবে। একই সঙ্গে সেদিন যাদের আবেদন জমা দেওয়ার কথা ছিল, তাদের পরবর্তী সময়ে নতুন স্লট দেওয়া হবে বলেও জানানো হয়।
এদিকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন নিয়ে উভয় পক্ষ থেকেই বার্তা এসেছে। এরই মধ্যে দুই দিনের ব্যবধানে দুই দেশের হাইকমিশনারকে তলব করার ঘটনাও ঘটেছে।



