রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় বেকারির দোকানে মেশিনের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (১৫) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে আসা দেলোয়ার হোসেন দুলাল জানান, ইব্রাহিম ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সকালে দোকানের একটি মেশিনের সুইচ চালু করতে গেলে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত ইব্রাহিমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাজলিয়া গ্রামে। তার বাবার নাম সুকু মিয়া।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইব্রাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



