tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদিতে হামলার মধ্যেও বিশ্ববাজারে কমল তেলের দাম

সৌদিতে হামলার মধ্যেও বিশ্ববাজারে কমল তেলের দাম

টানা মূল্যবৃদ্ধির পর বিশ্ববাজারে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে হামলার আশঙ্কায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগের পাশাপাশি রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা ঘিরে বাজারে তৈরি হয়েছে মিশ্র পরিস্থিতি। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা গ্রিনিচ মান সময় (জিএমটি) পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৫৭ শতাংশ কমে ১০৬.০৪ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে দাঁড়ায় ৯৩.২৭ ডলারে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২ ডলার বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬.৬৫ ডলারে স্থির হয়, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী দর।

বাজার বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হামলার আশঙ্কা তেল সরবরাহে বিঘ্ন ঘটার উদ্বেগ বাড়াচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়তে পারে—এমন সম্ভাবনা সরবরাহ পরিস্থিতি নিয়ে বাজারে কিছুটা স্বস্তি জোগাচ্ছে।

সরবরাহ নিয়ে উদ্বেগ এবং রপ্তানি বৃদ্ধির সম্ভাবনার বিপরীতমুখী প্রভাবের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা অব্যাহত রয়েছে।