তালেবান সরকারের মধ্যম সারির এক কর্মকর্তার ঢাকা সফর ঘিরে আলোচনা ও সমালোচনা তীব্র আকার ধারণ করেছে। নীরবে বাংলাদেশ সফর করছেন আফগানিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক (ডিজি) মোল্লা জাওয়ান্দি। তার পুরো নাম মোল্লা নুর আহমদ নুর।
গত সপ্তাহ থেকে তিনি রাজধানীর উপকণ্ঠে বিভিন্ন নাগরিক সমাজের কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। সেগুনবাগিচার দায়িত্বশীল সূত্র তালেবান সরকারের এই কর্মকর্তার ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই সফরের প্রস্তুতি কিংবা বাস্তবায়নে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
একই সঙ্গে সেগুনবাগিচা সূত্র আরও জানিয়েছে, সরকারের কোনো পর্যায়ের কারও সঙ্গে তার সাক্ষাতেরও কোনো সম্ভাবনা নেই। উল্লেখ্য, গত অক্টোবরে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করলে তা শুধু দিল্লিতেই নয়, পুরো দক্ষিণ এশিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
তালেবান সরকারের এশিয়াবিষয়ক নীতিনির্ধারণে মোল্লা জাওয়ান্দিকে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। সূত্রের দাবি, বাংলাদেশে ‘বিশেষ সফর’-এর অংশ হিসেবে তিনি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ঢাকার কয়েকজন রাজনীতিক ও শিক্ষাবিদের সঙ্গে বৈঠক করছেন।



