tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা ক্যাম্পাসের পরিকল্পনা, সম্পর্কের নতুন দিগন্ত

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা ক্যাম্পাসের পরিকল্পনা, সম্পর্কের নতুন দিগন্ত

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে দুই দেশের হাইকমিশনারদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনা বিশেষ গুরুত্ব পেয়েছে।

গত ১৭ জুলাই অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ফরেস্টে অবস্থিত বাংলাদেশ হাউসে বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

বৈঠকে দুই দেশের রাজনৈতিক যোগাযোগ, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি, শিক্ষা সহযোগিতা, জ্বালানি খাতে অংশীদারত্ব, কৃষি ও বাণিজ্য সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আকাশপথে যোগাযোগ, সামুদ্রিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি এবং সংসদীয় প্রতিনিধিদের পারস্পরিক সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের প্রশংসা করে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করে একটি সমন্বিত অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বিশেষভাবে আলোচনায় আসে ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা ক্যাম্পাস স্থাপন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সহযোগিতা, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আম রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় যৌথ উদ্যোগ এবং বাংলাদেশি নাবিকদের পেশাগত যোগ্যতার স্বীকৃতির বিষয়গুলো।

এছাড়া উভয় পক্ষ অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় নীতিনির্ধারণী গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হন। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের উচ্চপর্যায়ের পারস্পরিক সফরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা হলে যেসব সুযোগ তৈরি হবে

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠার পরিকল্পনা। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজ দেশেই আন্তর্জাতিক মানের অস্ট্রেলিয়ান উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাভিত্তিক এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশের ১৮ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ব্যবহারিক শিক্ষা, গবেষণা, শিল্পখাতের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ এবং কর্মসংস্থানমুখী পাঠক্রমের জন্য প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সুপরিচিত।

বিশ্ববিদ্যালয়টি ২০২৪ সালের টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে বৈষম্য হ্রাসে বিশ্বের শীর্ষ সাতটি বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে স্থান পেয়েছে। এছাড়া ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ২৪ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে। শিক্ষার্থী সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং পূর্ণকালীন কর্মসংস্থানের ক্ষেত্রেও এটি ক্যানবেরার অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত।

বিশেষজ্ঞদের মতে, ঢাকায় শাখা ক্যাম্পাস চালু হলে বাংলাদেশি শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে অস্ট্রেলিয়ান ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে বিদেশে না গিয়েই আন্তর্জাতিক মানের পাঠক্রম, অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে শিক্ষা, আধুনিক গবেষণার সুযোগ এবং শিল্পখাতভিত্তিক দক্ষতা অর্জন করা সম্ভব হবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাসে উচ্চশিক্ষা বা গবেষণার জন্য স্থানান্তরের সুযোগও আরও সহজ হতে পারে।

বিশ্ববিদ্যালয়টির ব্যবসা, সরকার ও আইন, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্প ও নকশা অনুষদে আন্তর্জাতিক মানের স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণামূলক ডিগ্রি পরিচালিত হয়। ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা দেশেই থেকে বিশ্বমানের শিক্ষা গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারে প্রতিযোগিতার জন্য নিজেদের আরও দক্ষ করে গড়ে তোলার সুযোগ পাবেন।