ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিয়ে রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কার্যাবলীর মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা ইত্যাদি।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, আর তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ ঘোষণা করেন।
রোডম্যাপ অনুযায়ী, তফসিল ঘোষণার দুই মাস আগে যেসব ভোটকেন্দ্রে হেলিকপ্টার সহায়তা প্রয়োজন হতে পারে, সেগুলো চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হবে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার নির্বাচন অফিসারদের। এ ক্ষেত্রে সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিপ্যাড, যাত্রাপথ ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে হবে।
তফসিল ঘোষণার ১০ দিন আগে নির্দিষ্ট করতে হবে হেলিকপ্টারের টেকঅফ ও ল্যান্ডিং স্টেশন। সেই অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তাদের যাতায়াতের পরিকল্পনা করে হেলিকপ্টার সহায়তার জন্য প্রস্তাবনা প্রস্তুত করতে হবে।



