tanaka
প্রচ্ছদসারাদেশছাত্রলীগ নেতার বাড়ির সামনে কার্টনে ১০টি তাজা ককটেল, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল...

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে কার্টনে ১০টি তাজা ককটেল, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বাড়ির সামনে থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।

শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় এ ঘটনা ঘটে। ককটেলসদৃশ বস্তু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় আতঙ্ক তৈরি হয়।

কার্টনে মিলল ১০টি ককটেল

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সকালে গুটিয়ার আন্ধারুল এলাকায় ছাত্রলীগ নেতা নূর নবীর বাড়ির সামনে একটি বিস্কুটের কার্টনে ককটেলসদৃশ কিছু বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানানো হলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে।

পরে নিরাপত্তার স্বার্থে বস্তুগুলো নিষ্ক্রিয় করতে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা বস্তুগুলো নিষ্ক্রিয় করেন।

টঙ্গী পশ্চিম থানার এসআই মেহেদী হাসান বলেন, ‘আমরা পুরো এলাকাটি ঘিরে রেখেছি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।’

‘১০টি তাজা ককটেল উদ্ধার’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, একটি বিস্কুটের কার্টন থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। পরে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে সেগুলো নিষ্ক্রিয় করে।

ঘটনাটি কীভাবে এবং কারা ওই ককটেলগুলো সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।