রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৭টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিস্ফোরকসদৃশ বস্তু ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ১০৫ জন, মিরপুর বিভাগে ১৩২ জন, গুলশান বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৪১ জন, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) থেকে চারজন এবং গোয়েন্দা বিভাগ থেকে তিনজন রয়েছেন।
অভিযানকালে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি অবিস্ফোরিত ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, পাঁচ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ এবং ১১৮ ক্যান বিয়ার।
এ ছাড়া একটি সিএনজি, ১৪টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৬০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।



