tanaka
প্রচ্ছদরাজধানীডিএনসিসিতে নতুন প্রশাসক নিয়োগ

ডিএনসিসিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিএনসিসির বর্তমান প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে দিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে সুরাইয়া আক্তার জাহানকে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুরাইয়া আক্তার জাহান তার বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএনসিসি মেয়রের ক্ষমতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে তিনি বিধি অনুযায়ী কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন।

উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ ডিএনসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। এর কয়েক দিনের মধ্যেই তাকে প্রশাসকের পদ থেকে অপসারণ করা হলো।