জ্বালানি তেলের দাম বাড়ার পর সড়কপথে বাসের ভাড়া বাড়ানো হলেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ছে না। তবে লঞ্চের ভাড়া সমন্বয়ের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে রেলের ভাড়া অপরিবর্তিত থাকবে।’
অন্যদিকে লঞ্চের ভাড়া নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, জ্বালানি তেলের দামসহ পরিবহণ খাতের বিভিন্ন ব্যয় বিবেচনায় নিয়ে লঞ্চের ভাড়া সমন্বয়ের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে মঙ্গলবার সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লা ও নগর পরিবহণে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া দূরপাল্লার ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহণে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
ভাড়া সমন্বয়ের বিষয়ে মন্ত্রী বলেন, যেকোনো ধরনের ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি তেলের মূল্য বিবেচনায় নিয়ে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।
এদিকে বাসের পাশাপাশি ট্রেন ও লঞ্চের ভাড়া নিয়েও সাধারণ যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। মন্ত্রীর বক্তব্যে আপাতত ট্রেনের যাত্রীদের জন্য ভাড়া অপরিবর্তিত থাকার বিষয়টি স্পষ্ট হলো। তবে লঞ্চের ভাড়া বাড়বে কি না, সে সিদ্ধান্তের জন্য বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।



