tanaka
প্রচ্ছদসারাদেশশাস্তি থেকে আপাতত রক্ষা পেলেন মরিনিও

শাস্তি থেকে আপাতত রক্ষা পেলেন মরিনিও

মাদ্রিদ ডার্বির পর রেফারিং নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও। তবে সেই মন্তব্যের জেরে আপাতত কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না পর্তুগিজ এই কোচকে। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের আনুষ্ঠানিক অভিযোগ না তোলার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ রেফারিদের সংগঠন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, মরিনিওর মন্তব্যের পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করেছিল রেফারিদের সংগঠন। এ নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারি কমিটির (সিটিএ) আইনি বিভাগের সঙ্গেও আলোচনা করা হয়। তবে সোমবারের বৈঠকের পর শেষ পর্যন্ত অভিযোগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে মূল রেফারি মিগেল আনহেল ওর্তিস আরিয়াসের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মরিনিও। বিশেষ করে ভিএআর কর্মকর্তা ড্যানিয়েল ত্রুহিয়ো সুয়ারেসের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

রিয়াল কোচের অভিযোগ ছিল, আতলেতিকোর দুই খেলোয়াড় এমন অপরাধ করেছিলেন, যার জন্য তাদের লাল কার্ড দেখানো উচিত ছিল। কিন্তু রেফারি তাদের মাঠ ছাড়ার নির্দেশ দেননি। একই সঙ্গে ম্যাচ পরিচালনায় ওর্তিস আরিয়াসের অভিজ্ঞতা এবং বড় ম্যাচ সামলানোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন মরিনিও।

নিজের বক্তব্যে ভিএআর কর্মকর্তা ড্যানিয়েল ত্রুহিয়োর আগের একটি রিয়াল-সংশ্লিষ্ট ম্যাচের ঘটনাও তুলে ধরেন তিনি। মরিনিওর এসব মন্তব্যের পরই তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার বিষয়টি আলোচনায় আসে।

আনুষ্ঠানিক অভিযোগ করা হলে মরিনিওর সর্বোচ্চ চার ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানার মুখেও পড়ার আশঙ্কা ছিল। তবে রেফারিদের সংগঠন শেষ পর্যন্ত অভিযোগ না করার সিদ্ধান্ত নেওয়ায় আপাতত সেই শাস্তির সম্ভাবনা থাকছে না।

ফলে মাদ্রিদ ডার্বির পর রেফারিং নিয়ে করা মন্তব্যের ঘটনায় আপাতত কোনো শাস্তি ছাড়াই রক্ষা পেলেন রিয়াল মাদ্রিদের কোচ।