গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে না।
ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানিয়েছে, নেতানিয়াহু ১৫ দফার প্রস্তাবটিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য অনুযায়ী, হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী গাজা থেকে কোনো ধরনের সেনা প্রত্যাহার করবে না।
নেতানিয়াহু বলেন, হামাসের কেবল নামমাত্র বা লোকদেখানো বিলুপ্তি নয়, ইসরাইল তাদের প্রকৃত ও সম্পূর্ণ বিলুপ্তি চায়।
ইসরাইলি প্রধানমন্ত্রীর ভাষ্য, গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু বিষয় ইসরাইলের কাছে গ্রহণযোগ্য হলেও কয়েকটি প্রস্তাব তারা মেনে নিতে পারছে না।
তিনি আরও জানান, এসব বিষয় নিয়ে বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে ইসরাইলের আলোচনা চলছে।
সূত্র: আল-জাজিরা



