দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত তিন মাসে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটারের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন বেড়েছে। ৩১ জুলাই পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটার এখন ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
তিনি জানান, এই ভোটার তালিকা দিয়েই আপাতত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কমিশন প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিতে পারে। সে ক্ষেত্রে বর্তমান তালিকাটি সম্পূরক তালিকা হিসেবে ব্যবহার করা হতে পারে।
স্থানীয় নির্বাচন: আচরণবিধি পাঠানো হয়েছে
আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আচরণবিধি রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি এতে অন্তর্ভুক্ত রয়েছে।
আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট নথি এখনো প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষ হলে সেটিও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ রোববার থেকে শুরু হয়েছে বলেও জানান ইসি সচিব।
তিনি বলেন, সকালে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র নিতে আসেননি।
এখন পর্যন্ত শুধু বিএনপিই দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বলে জানান আখতার আহমেদ।



