জুলাই ছাত্র-জনতার আন্দোলন এবং আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত হত্যা ও গুমসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় সেনা হেফাজতে থাকা সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান লেখা শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের গাড়িতে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এসব মামলার শুনানি গ্রহণ করবেন। এ উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনটি মামলার মধ্যে দুটি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম ও নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সংক্রান্ত। অপর মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা হয়েছে।
র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার ১০ আসামি বর্তমানে সাব-জেলে আটক রয়েছেন। এসব সেনা কর্মকর্তার অব্যাহতি বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সশরীরে হাজিরার পরিবর্তে ভার্চুয়ালি হাজিরার আবেদন করা হলেও ট্রাইব্যুনাল তা নাকচ করেন।
এই মামলায় গ্রেপ্তার হয়ে ট্রাইব্যুনালে হাজির হওয়া ১০ সেনা কর্মকর্তা হলেন—র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।
অন্যদিকে, জেআইসিতে গুমের অভিযোগে করা আরেক মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা রয়েছে। এ মামলায় পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে গ্রেপ্তার তিনজন বর্তমানে সাব-জেলে আটক আছেন। তারা হলেন—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিক এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিক। গত ৯ ডিসেম্বর উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ আজকের দিন আদেশের জন্য নির্ধারণ করেন। গ্রেপ্তার তিন আসামির পক্ষে শুনানিতে আইনজীবী আজিজুর রহমান দুলু বেআইনি আটক, অপহরণ, নির্যাতন ও গুম—এই চারটি গ্রাউন্ড উপস্থাপন করে অব্যাহতির আবেদন জানান।
এছাড়া, গত বছর জুলাই-আগস্ট আন্দোলনের সময় ১৮ ও ১৯ জুলাই রাজধানীর রামপুরায় গুলিতে ২৮ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় চার আসামির মধ্যে গ্রেপ্তার দুইজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় ছয়টি অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার দুই আসামি হলেন—লেফটেন্যান্ট কর্নেল মো. রেদওয়ানুল ইসলাম এবং মেজর রাফাত বিন আলম মুন।
সেনা কর্মকর্তাদের হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্টের মূল ফটকসহ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের ফটকের দুই পাশে বিজিবি, র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



