টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারের পশ্চিম লিওন বেকারিতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম লিলি আক্তার। তিনি ওই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ৪–৫ জন মুখোশধারী দুর্বৃত্ত বেকারিতে প্রবেশ করে। তখন আনিছুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারের ওপর হামলা চালায় তারা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভির আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।



