দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে প্রান্তিক কৃষক ও খামারিদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে রয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরে নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধন এবং ছাগল ও মহিষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। খামারিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এ বিষয়ে সংসদেও আলোচনা চলছে।
অনুষ্ঠানে ১০ জন প্রান্তিক উদ্যোক্তার মধ্যে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যের মধ্যে ১০০টি ছাগল বিতরণ করা হয়। প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি খাদ্য, ভিটামিন ও প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, এ সহায়তা প্রান্তিক খামারিদের আয় বৃদ্ধি ও অসহায় পরিবারগুলোর স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) বেগম শামছুন্নাহার আহম্মদ এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।



