বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো আগামী মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি বলেন, ৩০ মার্চ পর্যন্ত সরকারের কাছে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে এবং এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন আসছে। তাই এ মাসেও জ্বালানি সংকটের আশঙ্কা নেই। অকটেন-পেট্রলের ব্যবহারও খুবই কম, জানান তিনি।
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার ৬৩ শতাংশ ডিজেল, যা প্রধানত কৃষিতে সেচ এবং গণপরিবহনে ব্যবহৃত হয়।
মুখপাত্র আরও জানান, সরকার জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, অফিস সময় হ্রাস এবং অনলাইন ক্লাসের মতো নানা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করছে।



