নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের মধ্যেই এবার বাড়ানো হয়েছে প্যাকেটজাত তরল দুধের দাম। দেশের বাজারে পরিচিত একাধিক ব্র্যান্ডের দুধে লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি হয়েছে। এতে নিয়মিত দুধ কেনা ভোক্তাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে।
দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, দুধ উৎপাদন ও বাজারজাতকরণের বিভিন্ন পর্যায়ে ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করতে হয়েছে। পশুখাদ্য ও দুধ সংগ্রহের খরচের পাশাপাশি পরিবহণ, প্যাকেজিং, গ্যাস ও বিদ্যুতের ব্যয়ও বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।
বাজারে বর্তমানে এক লিটার প্যাকেটজাত মিল্কভিটার দাম ১১০ টাকা। গত মাসেই ব্র্যান্ডটির এক লিটার দুধের দাম ১০ টাকা বাড়ানো হয়েছিল। একই সঙ্গে আধা লিটারের প্যাকেটেও ৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।
অন্যদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব ব্র্যান্ডের এক লিটার দুধের দাম ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে রয়েছে।
উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, সামগ্রিক উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দুধের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে প্যাকেজিং সামগ্রী, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহণ খাতে ব্যয় বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি অর্থ খরচ হচ্ছে।
এই বাড়তি ব্যয় সমন্বয় করতেই বাজারে প্যাকেটজাত তরল দুধের নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।



