tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকজৈবিক হুমকি সীমান্ত উপেক্ষা করে দ্রুত ছড়িয়ে পড়ছে: জয়শঙ্কর

জৈবিক হুমকি সীমান্ত উপেক্ষা করে দ্রুত ছড়িয়ে পড়ছে: জয়শঙ্কর

জৈবিক হুমকি—তা প্রাকৃতিক হোক বা ইচ্ছাকৃত—ডিজিটাল যুগে সীমান্ত উপেক্ষা করে দ্রুত বিস্তার লাভ করছে। এ ধরনের হুমকি রাষ্ট্রীয় ব্যবস্থাকে সহজেই আক্রান্ত করতে পারে বলে সতর্ক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সোমবার জৈবিক অস্ত্র কনভেনশনের (বিডব্লিউসি) ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জয়শঙ্কর বলেন, রাষ্ট্র বহির্ভূত শক্তির হাতে জৈবিক অস্ত্রের অপব্যবহার এখন আর ‘দূরবর্তী সম্ভাবনা’ নয়। তাই বিডব্লিউসিকে আধুনিক যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। তিনি জানান, জৈব সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক উদ্বেগের বিষয়, যার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথ প্রস্তুতি নিতে হবে।

তিনি উল্লেখ করেন, জৈবিক অস্ত্র কনভেনশন এখনো মৌলিক প্রাতিষ্ঠানিক কাঠামো, সম্মতি যাচাই ব্যবস্থাপনা, স্থায়ী প্রযুক্তিগত সংস্থা ও নতুন বৈজ্ঞানিক অগ্রগতি পর্যবেক্ষণের সক্ষমতা—এসব ক্ষেত্রেই ঘাটতিতে রয়েছে।

বক্তব্যে তিনি আরও বলেন, ভারত বিডব্লিউসিকে শক্তিশালী করতে একটি সমসাময়িক যাচাইকরণ ব্যবস্থা এবং বিজ্ঞান–প্রযুক্তির উন্নয়নের নিয়মিত পর্যালোচনার প্রস্তাব দিয়েছে, যাতে প্রশাসন উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।

জয়শঙ্কর জানান, ভারত উচ্চ-ঝুঁকিপূর্ণ জৈবিক এজেন্ট শনাক্তকরণ, দ্বৈত-ব্যবহার গবেষণা তত্ত্বাবধান, অভ্যন্তরীণ প্রতিবেদন ব্যবস্থা, ঘটনা ব্যবস্থাপনা এবং ধারাবাহিক প্রশিক্ষণকে অন্তর্ভুক্ত করে একটি জাতীয় বাস্তবায়ন কাঠামোর প্রস্তাবও দিয়েছে। পাশাপাশি জৈবিক দুর্ঘটনার সময় দ্রুত, মানবিক ও ব্যবহারিক সহায়তার ওপরও ভারত গুরুত্ব দেয়।

জৈবিক অস্ত্র কনভেনশন ৫০ বছর ধরে মানুষকে অস্ত্র হিসেবে ব্যবহারের ধারণা প্রত্যাখ্যানের ওপর প্রতিষ্ঠিত—উল্লেখ করে জয়শঙ্কর বলেন, “আমাদের কনভেনশনকে আধুনিকীকরণ করতে হবে, বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে এগোতে হবে এবং বৈশ্বিক সক্ষমতা বাড়াতে হবে, যেন সব দেশ জৈবিক ঝুঁকি শনাক্ত, প্রতিরোধ ও মোকাবিলা করতে পারে।”

তিনি আরও জানান, ভারত গ্লোবাল সাউথের নির্ভরযোগ্য অংশীদার এবং বৈশ্বিক জৈব নিরাপত্তায় অটল সমর্থক হিসেবে কাজ করে যেতে প্রস্তুত।